নিউজ ডেস্কঃ এনআরসি আতঙ্কে নথিপত্রও যেন কোনও কোনও ক্ষেত্রে প্রাণের চেয়ে প্রিয় হয়ে উঠছে। ঘরে আগুন লাগলেও সব সম্পত্তি ছেড়ে সেই সব কাগজপত্র আগলাতে প্রাণের ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না অনেকেই। মঙ্গলবার এমনই ছবি দেখল দেগঙ্গা।
এ দিন সকালে আগুন লেগেছিল দেগঙ্গা থানার বাসুদেবপুরের লিয়াকত আলির ঘরে। লিয়াকত ও তাঁর স্ত্রী দু’জনেই সেই সময়ে ছিলেন বাইরে। ঘরের ভিতরে ঘুমন্ত দুই সন্তানকে আগুনের গ্ৰাস থেকে উদ্ধার করতে পেরেছিলেন তাঁরা। আগুনের শিখা ক্রমশ গ্রাস করছিল ঘরের সমস্ত আসবাবপত্র। সেই সময়ে সবাই দেখেন, পাগলের মতো ওই দম্পতি আগুনের ভিতরে ঢুকে আলমারি ভেঙে কিছু একটা বাঁচানোর চেষ্টা করছেন।
এর মধ্যেই বিকট শব্দে ফেটে যায় ছাদের অ্যাসবেস্টস। স্থানীয়েরা কোনও ভাবে আগুনের ভিতর থেকে বার করে আনেন ওই দম্পতিকে। তত ক্ষণে হাত-পা পুড়ে অনেকটাই জখম হয়েছেন লিয়াকত ও তাঁর স্ত্রী। জানা যায়, টাকাপয়সা কিংবা সোনাদানা নয়, আগুনের গ্রাস থেকে ভোটার কার্ড, বাচ্চাদের জন্ম শংসাপত্রের ফাইলই বার করার চেষ্টা করছিলেন তাঁরা। আগুনে পোড়া ঘরের দিকে তাকিয়ে পা ছড়িয়ে হা-হুতাশ করছিলেন ওই দম্পতি। আগুনে সব কিছু পুড়ে সর্বস্বান্ত হওয়ার জন্য নয়। বাসিন্দারা জানান, কপাল চাপড়াতে চাপড়াতে ওই দম্পতি কাঁদছিলেন। বারবারই বলছিলেন, ‘‘সব পরিচয়পত্র পুড়ে ছাই হয়ে গেল। ঘর-সম্পত্তি গেল, কোনও প্রমাণও রইল না। এ বার আমাদের দেশ ছাড়া হতে হবে।’’