সত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগে দেশের মানুষকে সংবিধান নিয়ে সচেতন করলেন শর্মিলা ঠাকুর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে চেলামেশ্বর ও প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক এস ওয়াই কুরশি-সহ ৮ জন। দেশের জনগণের জন্য একটি খোলা চিঠি লিখেছেন তাঁরা। সেখানে তাঁরা লিখেছেন, দেশের সংবিধান কি এমন কোনও প্রশাসনিক বই যা দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা অপব্যবহারের সুযোগ দেয় এবং দেশের নাগরিকদের অন্যদের অবমাননা করার অধিকার দেয়? এটা কি শুধু কালি দিয়ে লেখা শব্দগুচ্ছ নাকি শহিদদের রক্তে লেখা জাত, ধর্ম, আঞ্চলিকতা, বর্ণ ও ভাষার উর্ধ্বে একটি বই?
দেশজুড়ে এখন CAA, NRC ও NPR-এর বিরোধিতায় আন্দোলন চলছে। পড়ুয়া থেকে বুদ্ধিজীবী, সব মহল থেকেই উঠছে প্রতিবাদ। এমন পরিস্থিতিতে এই ৮ জনের সংবিধান নিয়ে খোলা চিঠি এক গূঢ় বার্তা বহন করে নিঃসন্দেহে। অবশ্য কেউই CAA, NRC ও NPR-এর বিপক্ষে বা পক্ষে কোনও কথা বলেননি। তাঁরা যে চিঠি লিখেছেন তার উপরে নাম হিসেবে লেখা হয়েছে ‘৭০ ইয়ারস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন- আ ডিফাইনিং মোমেন্ট’। চিঠিতে লেখা হয়েছে, ৭০ বছর হয়ে গেল দেশের সংবিধান রচিত হয়েছে। সেই সাফল্য অবশ্যই উদযাপন করতে হবে। কিন্তু তার পাশাপাশি এতদিন যেসব ভুলভ্রান্তি হয়েছে, সেগুলিও শুধরে নেওয়ার সময় এসেছে।
জনগণের কাছে তাঁদের অনুরোধ, এই সাফল্যের পাশাপাশি যেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ, বিশেষত বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ সমাজের সমস্যাগুলিও খতিয়ে দেখা হয়। আম্বেদকর ও আমাদের পূর্বপুরুষ সংবিধানে যা লিখে গিয়েছেন তা যেন পূরণ হয়, সেই আবেদন করেছেন তাঁরা।