খিদের জ্বালায় কাঁদছে সন্তানরা, পেট ভরাতে ১৫০ টাকায় মাথার চুল বিক্রি করলেন মা!

11th January 2020 ভারত
খিদের জ্বালায় কাঁদছে সন্তানরা, পেট ভরাতে ১৫০ টাকায় মাথার চুল বিক্রি করলেন মা!


পেটে ভাত নেই। খিদের জ্বালায় অঝোরে কেঁদে চলেছে সন্তানরা। বাধ্য হয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতে ১৫০ টাকায় মাথার চুল বিক্রি করে দিলেন মা! অসহায়তার এই করুণ ছবি তামিলনাড়ুর সালেম এলাকার।

তামিলনাড়ুর সালেমের বাসিন্দা প্রেমা। স্বামী ও ৩ সন্তানকে নিয়ে সংসার ছিল তাঁর। স্বামী-স্ত্রী দুজনেই একটি ইটভাটায় কাজ করতেন। হঠাৎই প্রেমার স্বামী ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আড়াই লক্ষ টাকা ধার করে ব্যবসা শুরুও করেছিলেন। কিন্তু এক প্রতারকের ফাঁদে পা দিয়ে ধার দেনায় ডুবে যান তিনি। এরপর পাওনাদারদের চাপে কয়েকমাস আগে আত্মহত্যার পথ বেছে নেন প্রেমার স্বামী। তাঁর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে অথৈ জলে পড়তে হয় ওই মহিলাকে। প্রথম দিকে সন্তানদের নিয়ে কোনওক্রমে চলে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চাদের দায়িত্ব পালন প্রেমার কাছে কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। কী করবে কিনারা না পেয়ে প্রথমে কীটনাশক খেয়ে আত্মহত্যার পরিকল্পনা করেন তিনি। কিন্তু কীটনাশক কিনতে গেলে দোকানদার তাঁকে ফিরিয়ে দেন। এরপর ফের আত্মহত্যার চেষ্টা করলে বোনের নজরে পড়ে যাওয়ায় প্রাণ বেঁচে যায় প্রেমার।

পরে শুক্রবার সারাদিন সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য পাড়া-প্রতিবেশীদের কাছে হাত পাতেন প্রেমা। কিন্তু সাহায্যের হাত বাড়িতে দেননি কেউ। সেই সময় এক ব্যক্তি প্রেমাকে দেখতে পান। পরচুল তৈরির জন্য চুল প্রয়োজন ছিল তাঁর। আর সন্তানদের জন্য টাকার দরকার ছিল প্রেমার। তাই ১৫০ টাকার বিনিময়ে ওই ব্যক্তি মাথার চুল কিনতে চাইতেই রাজি হয়ে যান প্রেমা। চুল বিক্রির টাকায় সন্তানদের হাতে খাবার তুলে দেন তামিলনাড়ুর এই বধূ। তবে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। প্রশাসনের তরফেও ভাতার ব্যবস্থা করা হবে জানা গিয়েছে। এবার হয়তো ভয়ংকর লড়াই থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে, সন্তানদের নিয়ে সেই আশায় প্রেমা।





Others News

দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে

 দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে


নিউজ ডেস্কঃ হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে গ্রেফতার জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিংহের মামলা হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দেবেন্দ্র যে হিজবুল জঙ্গিদের নিরাপদে জম্মুতে নামিয়ে আনছিলেন তারা পাক-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে হওয়া দু’টি অভিযানের প্রতিশোধ নিতে দিল্লি, পঞ্জাব অথবা চণ্ডীগড়ে বড় মাপের বিস্ফোরণের ছক কষেছিল। সূত্রের খবর, ধৃত ডিএসপি-কে কাশ্মীরে জিজ্ঞাসাবাদের পরে দিল্লিতে নিয়ে এসে ফের এক দফা জেরা করার পরিকল্পনা রয়েছে। এ দিকে গত বছর লোকসভা ভোটের ঠিক আগে পুলওয়ামায় আধাসেনার কনভয়ে বিস্ফোরণের সময়ে সেখানে দেবেন্দ্রের উপস্থিতি নিয়ে আজ তরজায় জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি। 

শনিবার কুলগামের কাছে ধরা পড়েছিলেন দেবেন্দ্রে নামে ওই অফিসার ও জঙ্গিরা। অভিযোগ, ধৃত জঙ্গিদের নিরাপদে জম্মুতে নিয়ে আসার জন্য জঙ্গি পিছু ১২ লক্ষ টাকা নিয়েছিলেন ওই অফিসার। গত ক’দিন ধরে উপত্যকায় প্রবল তুষারপাতের কারণে সড়কে যাতায়াত কার্যত বন্ধ রয়েছে। সূত্রের খবর, সে কারণে আপাতত কাজিগুণ্ডের কাছে রাখা হয়েছে ওই পুলিশ অফিসার ও জঙ্গিদের। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, বিশেষ মর্যাদা লোপের পরে কাশ্মীরে নজরদারি বাড়ায় সমতলে হামলার ছক কষছিল ওই জঙ্গিরা। গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, হামলার পরিকল্পনায় দেবেন্দ্রের মোবাইল ফোনও ব্যবহার করে তারা। অন্য জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছাড়াও অস্ত্র-গোলাবারুদের জোগান সম্পর্কিত আলোচনা হয় ওই ফোনের মাধ্যমে। জঙ্গিদের সঙ্গে দেবেন্দ্রের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে গিয়েছিল, বাহিনীর আর কোনও অফিসার অর্থের বিনিময়ে জঙ্গিদের হয়ে কাজ করেন কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র জানিয়েছে, দেবেন্দ্রের নামে থাকা পুরনো অভিযোগের ফাইল খোলা হচ্ছে। ২০০১ সালে সংসদ হামলায় অন্যতম দোষী আফজল গুরু ওই কাণ্ডে দেবেন্দ্রের জড়িত থাকার অভিযোগ করেছিল। আফজলের অভিযোগ ছিল, দেবেন্দ্রের চাপে পড়েই তাকে সংসদ হামলাকারী এক জঙ্গির দিল্লিতে থাকা ও গাড়ির ব্যবস্থা করে দিতে হয়েছিল। আফজলের সেই পুরনো অভিযোগ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন ডিআইজি ইশরার খানের কথায়, ‘‘ওই ব্যক্তির নামে তোলাবাজির অভিযোগ রয়েছে। কিছু পুলিশ অফিসার টাকার লোভে এই ধরনের কাজ করে বাহিনীর বদনাম করে।’’ আজই কেন্দ্র জানিয়েছে, দেবেন্দ্র সিংহ কোনও রাষ্ট্রপতি পদক পাননি। তবে ২০১৭ সালে পুলওয়ামাতে জঙ্গি দমনে সাহসিকতার জন্য রাজ্যস্তরে মেডেল দিয়ে সম্মানিত করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন।