অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব মার্কিন কমিশনের,

10th December 2019 ভারত
অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব মার্কিন কমিশনের,


বাংলা নিউজঃ সোমবার রাত ১২টায় লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। আর ১২ ঘন্টা কাটার আগেই আন্তর্জাতিক চাপের মুখে পড়লেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না আমেরিকা। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপরে নিষেধাজ্ঞা জারি করারও প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার যুক্তরাষ্ট্রীয় মার্কিন কমিশন।
এই কমিশন জানিয়েছে, বিলটি যদি সংসদের দু’টি কক্ষেই পাশ হয়ে যায় তা হলে তা হবে ভুল পথে এক ধাপ এগোনো। ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) বিবৃতি দিয়ে জানিয়েছে, নাগরিকত্ব বিল লোকসভার ছাড়পত্র পেয়ে যাওয়ায় খুবই সমস্যা তৈরি হয়েছে। যদি ক্যাব সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যায় তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রের প্রধান নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা উচিত আমেরিকার। 
এদিকে প্রস্তাবিত এই বিল অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খৃস্টান ধর্মাবলম্বী যে সব মানুষ ওইসব দেশে নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে দেখা হবে না এবং তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। অন্যদিকে এই বিল লোকসভায় পেশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে আমেরিকার হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটি। তারা বলেছে, নাগরিকত্বের জন্য ধর্মের পরীক্ষা নিয়ে যে প্রস্তাব ভারত গ্রহণ করেছে তা দু’‌দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিশ্বাসে আঘাত হানবে। এই বিল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট চিন্তিত। এটা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।





Others News

দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে

 দেবেন্দ্রের মামলা এনআইএ-র হাতে


নিউজ ডেস্কঃ হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে গ্রেফতার জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিংহের মামলা হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দেবেন্দ্র যে হিজবুল জঙ্গিদের নিরাপদে জম্মুতে নামিয়ে আনছিলেন তারা পাক-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে হওয়া দু’টি অভিযানের প্রতিশোধ নিতে দিল্লি, পঞ্জাব অথবা চণ্ডীগড়ে বড় মাপের বিস্ফোরণের ছক কষেছিল। সূত্রের খবর, ধৃত ডিএসপি-কে কাশ্মীরে জিজ্ঞাসাবাদের পরে দিল্লিতে নিয়ে এসে ফের এক দফা জেরা করার পরিকল্পনা রয়েছে। এ দিকে গত বছর লোকসভা ভোটের ঠিক আগে পুলওয়ামায় আধাসেনার কনভয়ে বিস্ফোরণের সময়ে সেখানে দেবেন্দ্রের উপস্থিতি নিয়ে আজ তরজায় জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি। 

শনিবার কুলগামের কাছে ধরা পড়েছিলেন দেবেন্দ্রে নামে ওই অফিসার ও জঙ্গিরা। অভিযোগ, ধৃত জঙ্গিদের নিরাপদে জম্মুতে নিয়ে আসার জন্য জঙ্গি পিছু ১২ লক্ষ টাকা নিয়েছিলেন ওই অফিসার। গত ক’দিন ধরে উপত্যকায় প্রবল তুষারপাতের কারণে সড়কে যাতায়াত কার্যত বন্ধ রয়েছে। সূত্রের খবর, সে কারণে আপাতত কাজিগুণ্ডের কাছে রাখা হয়েছে ওই পুলিশ অফিসার ও জঙ্গিদের। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, বিশেষ মর্যাদা লোপের পরে কাশ্মীরে নজরদারি বাড়ায় সমতলে হামলার ছক কষছিল ওই জঙ্গিরা। গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, হামলার পরিকল্পনায় দেবেন্দ্রের মোবাইল ফোনও ব্যবহার করে তারা। অন্য জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছাড়াও অস্ত্র-গোলাবারুদের জোগান সম্পর্কিত আলোচনা হয় ওই ফোনের মাধ্যমে। জঙ্গিদের সঙ্গে দেবেন্দ্রের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে গিয়েছিল, বাহিনীর আর কোনও অফিসার অর্থের বিনিময়ে জঙ্গিদের হয়ে কাজ করেন কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র জানিয়েছে, দেবেন্দ্রের নামে থাকা পুরনো অভিযোগের ফাইল খোলা হচ্ছে। ২০০১ সালে সংসদ হামলায় অন্যতম দোষী আফজল গুরু ওই কাণ্ডে দেবেন্দ্রের জড়িত থাকার অভিযোগ করেছিল। আফজলের অভিযোগ ছিল, দেবেন্দ্রের চাপে পড়েই তাকে সংসদ হামলাকারী এক জঙ্গির দিল্লিতে থাকা ও গাড়ির ব্যবস্থা করে দিতে হয়েছিল। আফজলের সেই পুরনো অভিযোগ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন ডিআইজি ইশরার খানের কথায়, ‘‘ওই ব্যক্তির নামে তোলাবাজির অভিযোগ রয়েছে। কিছু পুলিশ অফিসার টাকার লোভে এই ধরনের কাজ করে বাহিনীর বদনাম করে।’’ আজই কেন্দ্র জানিয়েছে, দেবেন্দ্র সিংহ কোনও রাষ্ট্রপতি পদক পাননি। তবে ২০১৭ সালে পুলওয়ামাতে জঙ্গি দমনে সাহসিকতার জন্য রাজ্যস্তরে মেডেল দিয়ে সম্মানিত করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন।